সারাদেশ

কাশিয়ানীতে নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ, বিকল্প আয়ের উদ্যোগ

  শেখ শোভন আহমেদ: ৬ মার্চ ২০২৬ , ৭:৩৪:৪৫ প্রিন্ট সংস্করণ

 গোপালগঞ্জের কাশিয়ানীতে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে ৬০ জন নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেছেন গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। শুক্রবার (৬ মার্চ) সকাল ১১টায় কাশিয়ানী উপজেলা হলরুমে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিমুজ্জামান সেলিম। এ সময় উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শুভংকর দত্ত, উপপ্রকল্প পরিচালক মোঃ খায়রুল ইসলাম, কাশিয়ানী উপজেলা সমবায় কর্মকর্তা মোরাদ আলী, মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি সেলিমুজ্জামান সেলিম বলেন, “দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত প্রান্তিক জেলেদের জীবনমান উন্নয়ন এবং বিকল্প আয়ের উৎস সৃষ্টি করা এ বকনা বাছুর বিতরণের মূল লক্ষ্য। গবাদি পশুপালন তাদের জন্য একটি বিকল্প আয়ের পথ হিসেবে কাজ করবে।”

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপস্থিত ৬০ জন নিবন্ধিত জেলেদের মাঝে এক একটি করে বকনা বাছুর বিতরণ করেন।

আরও খবর

Sponsered content