প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৯:৪৬:১৯ প্রিন্ট সংস্করণ
নরসিংদীর শিবপুরে খোদেজা বেগম নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার জয়নগর ইউনিয়নের অষ্টানি কাইয়াবাড়ি এলাকার শাফিজউদ্দিনের মুরগীর ফার্মের ময়লার গর্ত থেকে মরদেহটিউদ্ধার করা হয়।
নিহত খোদেজা বেগম (৭২) ওই ইউনিয়নের জামগড় গ্রামের ইউসুফ আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, আজ দুপুর ১২টার দিকে জয়নগরের অষ্টানি গ্রামের সাফিজ উদ্দিনের বাড়ির পাশে মুরগির ময়লার গর্তে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে শিবপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে নিহতের ছেলে মোতালিব ও রুহুল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তাদের মায়ের বলে শনাক্ত করেন।
পরিবারের সদস্যরা জানান, খোদেজা বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেতেন এবং কয়েক দিন পর আবার ফিরে আসতেন। তবে গত এক সপ্তাহ আগে বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর আর ফিরে আসেননি। তার নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও নিখোঁজের পোস্ট দেওয়া হয়েছিল।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া বলেন, ‘খোদেজা বেগম এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। দুপুরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’





















