বিনোদন

নিজের বায়োপিকে কাকে দেখতে চেয়েছিলেন আশা ভোঁসলে?

  প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৬ , ১২:৪৩:৪৫ প্রিন্ট সংস্করণ

প্রয়াত কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। গত ১২ এপ্রিল মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে এখনও অনুরাগীদের মনে শোকের আবহ। তবে এর মাঝেই আলোচনায় এই শিল্পীকে নিয়ে বায়োপিক নির্মাণের বিষয়টি।

দীর্ঘ ৮ দশকের বর্ণাঢ্য ক্যারিয়ার আশা ভোঁসলের। হিন্দি, বাংলা ছাড়াও ২০টি ভাষায় তিনি গান গেয়েছেন। ভূষিত হয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কার, পদ্মবিভূষণ, বঙ্গবিভূষণসহ একাধিক সম্মানে। সংগীতের ইতিহাসে সর্বাধিক গান গাওয়ার জন্য ২০১১ সালে গিনেস বিশ্বরেকর্ডে তার নাম উঠেছে।

অন্যদিকে, কিংবদন্তি এই শিল্পীর ব্যক্তিজীবন ছিল নানা চ্যালেঞ্জে ভরা। সংসার ভাঙা থেকে শুরু করে ছোটবেলার পিতৃবিয়োগের পর আর্থিক টানাপোড়েন তাকে ঋদ্ধ করেছে।

এমন প্রবাদপ্রতীম শিল্পীর চরিত্র পর্দায় ফুটিয়ে তোলা কম কথা নয়! অতীতেও তার বায়োপিক নির্মাণের কথা শোনা গিয়েছিল। সেসময় নিজের জীবনীচিত্রের জন্য দুই শীর্ষ নায়িকাকে নির্বাচন করে গিয়েছিলেন তিনি।

নিজের বায়োপিকে কাকে দেখতে চেয়েছিলেন আশা ভোঁসলে? পুরোনো এক সাক্ষাৎকারে গায়িকা জানান, প্রিয়াঙ্কা চোপড়া অথবা কঙ্গনা রনৌতের কথা।

তিনি বলেন, ‘পর্দায় আমার চরিত্রে অভিনয় করার জন্য প্রিয়াঙ্কা চোপড়াই সবচেয়ে উপযুক্ত। কঙ্গনা রনৌতও অত্যন্ত দক্ষ অভিনেত্রী। আমার মনে হয়, তিনিও আমার চরিত্রের জন্য চমৎকার পছন্দ হতে পারেন ভবিষ্যতে। কিন্তু মনে হয় না, আমার জীবনের ওপর ভিত্তি করে কখনও কোনো সিনেমা তৈরি হবে!’

গায়িকা নিজে তার বায়োপিক নির্মাণ হবে কিনা- তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তবে ভবিষ্যতে তাকে নিয়ে বায়োপিক তৈরি হলে প্রিয়াঙ্কা কিংবা কঙ্গনা অভিনয় করবেন কি-না, সেই কৌতূহল সময়ের হাতে ছেড়ে দেওয়াই যুক্তিযুক্ত।