সারাদেশ

পার্বতীপুর–ফুলবাড়ীতে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন, বাড়তি নিরাপত্তা ঝুঁকিপূর্ণ ৩২ কেন্দ্রে

  মোঃ রুকুনুজ্জামান পার্বতীপুর, দিনাজপুর ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ৫:৪৩:৪৯ প্রিন্ট সংস্করণ

দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতামূলক, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের সম্ভাবনায় দিনাজপুরের পার্বতীপুর–ফুলবাড়ী দুই উপজেলায় নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নিরাপদ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে ব্যাপক ব্যবস্থা।

পার্বতীপুর উপজেলা নির্বাচন অফিসার শুভ কুমার সরকার জানান, আগে এ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৫০ হাজার ১৩৫ জন। হালনাগাদ তালিকায় নতুন করে ২৪ হাজার ৯৭০ জন তরুণ ভোটার ও ৪ হাজার ৭৭ জন পোস্টাল ভোটার যুক্ত হয়ে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৭ হাজার ৫১৬ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৯৩০ জন, পুরুষ ভোটার ২ লাখ ৩৮ হাজার ৫৮৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।

পার্বতীপুর উপজেলায় মোট ভোটার ৩ লাখ ১৯ হাজার ৬২ জন, যা আগের তুলনায় বেড়েছে ১৮ হাজার ৯৬৮ জন। উপজেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৮৯টি। অন্যদিকে ফুলবাড়ী উপজেলায় আগের নির্বাচনে ভোটার ছিল ১ লাখ ৫০ হাজার ৪১ জন। হালনাগাদ তালিকায় ভোটার বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার ৪৫৪ জন, যা আগের তুলনায় ৮ হাজার ৪১৩ জন বেশি।

সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় ও আইনশৃঙ্খলা বাহিনী পার্বতীপুরের ৮৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এসব কেন্দ্রে থাকবে বাড়তি নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি। এছাড়া ৮৯টি কেন্দ্রে মোট ৫৪০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ পুলিশ-এর পার্বতীপুর মডেল থানার ওসি এম. এ. ফারুক জানান, নাশকতা প্রতিরোধে ৩০টি অনলাইন ও ৩৮টি অফলাইন টিম মাঠে কাজ করবে। বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করা হবে। তিনটি জোনে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ মোতায়েন থাকবে।

সহকারী রিটার্নিং অফিসার ও পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন বলেন, নির্বাচন শান্তিপূর্ণ রাখতে তিন প্লাটুন সেনাবাহিনী, তিন প্লাটুন বিজিবি, র‍্যাব, পুলিশ, আনসার, ভিডিপি ও গ্রাম পুলিশ দায়িত্ব পালন করবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির কুইক রেসপন্স ফোর্স ও মোবাইল টিম প্রস্তুত থাকবে। পাশাপাশি একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করবেন।

তিনি আরও জানান, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আরও খবর

Sponsered content