সারাদেশ

ফেনীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

  জাহিদ হাসান চৌধুরী, ফেনী প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৬ , ৭:২১:৫০ প্রিন্ট সংস্করণ


ফেনীতে উৎসবমুখর পরিবেশে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা হক।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক রোমেন শর্মা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাসরিন সুলতানা কান্তা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মনিরা হক বলেন, দেশে হাম রোগের প্রাদুর্ভাব ও মৃত্যুহার বৃদ্ধি পাওয়ায় এই বিশেষ টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলার প্রতিটি শিশুকে টিকার আওতায় এনে তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ ও নিরাপদ পরিবেশে বেড়ে উঠবে।

অনুষ্ঠানে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইমাম হোসেনসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা শিশুদের শতভাগ টিকাদানের আওতায় আনতে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে নির্ধারিত কেন্দ্রগুলোতে এই টিকা প্রদান করা হবে। পাশাপাশি ক্যাম্পেইন সফল করতে জনসচেতনতা কার্যক্রম জোরদার করা হয়েছে।

আরও খবর

Sponsered content