প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:৫৬:০৬ প্রিন্ট সংস্করণ
সামিদুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় দেশীয় পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। মঙ্গলবার রাত পৌণে ৯টার দিকে শিবগঞ্জের মোকামতলায় সোনাতলাগামী রাস্তার বাবুর মার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- গাইবান্ধার সিদাই এলাকার আলমগীর হোসেন(৩৪), ইউসুবপুর এলাকার আহসান হাবিব(৪২) এবং সিদাই এলাকার আনোয়ার হোসেন(৩৫)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি ও খুনসহ একাধিক মামলা রয়েছে৷ এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেলে থাকা তিন আসামিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।




















