নওগাঁ প্রতিনিধি: ৯ মার্চ ২০২৬ , ৮:০৩:১৩ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানাকে ঘিরে নানা অভিযোগে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে অবৈধভাবে বিপুল সম্পদ অর্জন, ভুক্তভোগীদের মিথ্যা মামলার হুমকি এবং একটি হত্যা মামলার আসামিকে আড়াল করার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৭ মার্চ) মান্দা উপজেলার শ্রীরামপুর মধ্যপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মৃত তৈয়ম প্রামানিকের ছেলে রজব আলীর পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা গাছ কেটে ফেলা ও পুকুরের মাছ লুটের অভিযোগও রয়েছে। ভুক্তভোগীদের দাবি, তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলেও তাৎক্ষণিক সহায়তা পাননি।
অভিযোগ রয়েছে, পরে থানায় অভিযোগ জানাতে গেলে ওসি কে এম মাসুদ রানা তাদের ধমক দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপে তাকে বলতে শোনা যায়— “বেশি বাড়াবাড়ি করলে বা বেশি কথা বললে মিথ্যা চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে দেব।” যদিও অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এছাড়া মান্দার প্রসাদপুর কওমি মাদ্রাসায় রফিকুল ইসলাম নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায়ও ওসি মাসুদের বিরুদ্ধে আসামিকে আড়াল করার অভিযোগ তুলেছেন নিহতের পরিবার। নিহতের ছেলে সাকিব হোসেনের দাবি, পুলিশের কাছে অভিযোগ দিতে গেলে তাকে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়।
অনুসন্ধানে আরও জানা গেছে, চাকরিকালীন সময়ে বগুড়া শহরের পুলিশ লাইন্সের পেছন, উপশহর ও সূত্রাপুর এলাকায় প্রায় ১০ কোটি টাকা মূল্যের জমি ও প্লট কিনেছেন বলে অভিযোগ রয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ওসি কে এম মাসুদ রানা। ভাইরাল হওয়া অডিও ক্লিপের বিষয়ে তিনি বলেন, “এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।”
এদিকে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা পুলিশ সুপার ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।




















