শিক্ষা ও শিক্ষাঙ্গন

বেরোবিতে উচ্চশিক্ষার মানোন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  রুশাইদ আহমেদ , বেরোবি প্রতিনিধি ২ এপ্রিল ২০২৬ , ৬:৪৪:০৭ প্রিন্ট সংস্করণ

শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতাকে বৈশ্বিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলতে শিক্ষাক্রম, মূল্যায়ন পদ্ধতি ও গবেষণার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং আন্তর্জাতিক মানদণ্ডে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) ‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) ফর হায়ার এডুকেশন’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে।

উপাচার্য বলেন, বিএনকিউএফ বাস্তবায়নের মাধ্যমে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও সামঞ্জস্যতা নিশ্চিত করা সহজ হবে। এর ফলে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনও ত্বরান্বিত হবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম। তিনি কিনোট স্পিকার হিসেবে বিএনকিউএফ-এর কাঠামো, উদ্দেশ্য ও বাস্তবায়ন কৌশল তুলে ধরেন।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন। এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুর রকিব ও ড. মো. সজিব মিয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content