প্রতিনিধি ১৪ জুলাই ২০২৫ , ৬:৩৭:০৩ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বেপরোয়া গতির ড্রামট্রাকের চাপায় অটোরিকশায় থাকা এক কলেজছাত্রীসহ দুইজন নিহত এবং একই পরিবারের তিনজন আহত হয়েছেন।
রোববার (১৩ জুলাই) দুপুরে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুনটিঘর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চর বারুইটারী আলিম মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আবু বকর সিদ্দিকের কন্যা আনিকা সিদ্দিকা (১৮) এবং রিজার্ভ অটোরিকশার চালক পাইকেরছড়া ইউনিয়নের বানু মিয়া (৩০)।
আহতরা হলেন—আবু বকর সিদ্দিক (৪৫), তার স্ত্রী মোর্শেদা বেগম (৪০) ও মেয়ে ফাতেমা (৯)। তাদেরকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারসহ সোনাহাট স্থলবন্দর ভ্রমণে যান মাওলানা আবু বকর। দুপুরে ফেরার পথে ঘুনটিঘর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ড্রামট্রাক অটোরিকশাটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আনিকা মারা যান এবং চালক বানু মিয়া হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থলে একজন ও হাসপাতালে আরও একজন মারা গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে আহাজারি ও শোকের মাতম।




















