ইব্রাহিম সবুজ ।। স্টাফ রিপোর্টার, মাদারীপুর ।। ৪ ডিসেম্বর ২০২৫ , ৪:১৭:৫৭ প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকে স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে মাদারীপুর জেলা প্রশাসনের উদ্যোগে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনের সভাকক্ষে এই কর্মসূচি আয়োজন করা হয়।
জেলা প্রশাসনের নেতৃত্বে এবং জেলা নির্বাচন অফিসারের সমন্বয়ে আয়োজিত সভায় নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন, মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ, ভ্রান্ত তথ্য প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তারা সাংবাদিকদের নির্বাচনকালীন দায়িত্ব পালনে সততা, নিরপেক্ষতা, দ্রুততা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান। সংবাদকর্মীরা মাঠপর্যায়ের বাস্তবতা, চ্যালেঞ্জ এবং সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রশাসনের সঙ্গে আরও সমন্বিতভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।
সভা শেষে উপস্থিত সবাই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে সম্মিলিতভাবে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিসহ অনেকে।





















