মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ২৬ অক্টোবর ২০২৫ , ১০:১৭:৩২ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুরে চুরির অপবাদে এক প্রতিবন্ধী কিশোরকে তুলে নিয়ে বেধড়ক মারধর করে হাত ভেঙে দিয়েছে একদল দুর্বৃত্ত। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার শ্যামলী পাড়ায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আব্দুল হাকিম (১৭), তিনি স্থানীয় মনির মিয়ার প্রতিবন্ধী ছেলে। পরদিন রবিবার (২৬ অক্টোবর) বিকেলে হাকিম মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে স্থানীয় ফয়সাল চৌধুরীর ছেলে শাওন (২০), মতিউর মিয়ার ছেলে সোলাইমান (২১), সিরাজুল ইসলামের ছেলে শাকিল (২১), ফারুক মিয়ার ছেলে ইয়ান (২৯) ও ইরফান (২১)সহ ১৫-২০ জন যুবক তাকে অপহরণ করে গরুর বাজার মাঠে নিয়ে যায়।
সেখানে প্রথম দফায় মারধরের পর এক বাড়িতে নিয়ে পুনরায় নির্যাতন চালানো হয়। এরপর ছাদে উঠিয়ে তৃতীয় দফায় পিটিয়ে তার বাম হাত ভেঙে ফেলে তারা। নির্যাতনের সময় তাকে হত্যার হুমকিও দেওয়া হয়। পরে জীবন রক্ষায় হাকিম আড়াই লাখ টাকা দেওয়ার আশ্বাস দিলে দুর্বৃত্তরা তাকে ছেড়ে দেয়।
মুক্তি পেয়ে হাকিম চিকিৎসার জন্য মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন এবং পরে থানায় অভিযোগ করেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদ উল্ল্যা বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”











