মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৫ , ৭:৫৪:১৬ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা থেকে শুরু হয়ে রোববার (৩০ নভেম্বর) দুপুর পর্যন্ত টানা এ সংঘর্ষে অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনা সদস্যদের হস্তক্ষেপ করতে হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় একটি কোম্পানি থেকে বের হওয়ার সময় বেঙ্গাডোবা গ্রামের তানজিল ও ইটাখোলা গ্রামের নাজমুলের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তখন উপস্থিত লোকজন বিষয়টি মীমাংসা করে দিলেও পরদিন দুপুরে পুনরায় উৎকট পরিস্থিতি তৈরি হয়।
অভিযোগ রয়েছে, রবিবার দুপুরে নাজমুল তানজিলকে কোম্পানির ভেতর থেকে জোরপূর্বক বের করে নেওয়ার চেষ্টা করলে উভয় গ্রামের লোকজন উত্তেজিত হয়ে পড়ে। মুহূর্তেই খবর গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে এবং মসজিদের মাইক ব্যবহার করে উভয় পক্ষের মানুষ সংঘর্ষে অংশ নিতে আসে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থল রণক্ষেত্রে পরিণত হয়।
প্রায় চার ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দুই গ্রামের শতাধিক মানুষ আহত হন। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংঘর্ষে জড়িত দায়ীদের চিহ্নিত করা হচ্ছে এবং পরবর্তী অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




















