প্রচ্ছদ

মাধবপুরে নিষিদ্ধ গাছের বিরুদ্ধে অভিযান: ধ্বংস করা হলো ১৪ হাজারের বেশি চারা

  প্রতিনিধি ৩ জুলাই ২০২৫ , ৩:৪৫:৩৫ প্রিন্ট সংস্করণ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় নিষিদ্ধ ঘোষিত গাছের চারা ধ্বংসে অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নোয়াহাটি এলাকায় পরিচালিত অভিযানে দুটি নার্সারি থেকে ধ্বংস করা হয়েছে ১৪ হাজার ২ শত গাছের চারা।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার। অভিযানে পরশ হার্টিকালচারে সাড়ে চার হাজার আকাশমণি এবং রামু দেবনাথের মালিকানাধীন নার্সারিতে ৯ হাজার আকাশমণি ও ৭০০ ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করা হয়।

অভিযানে সহায়তা করেন কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ফকির, উপসহকারী কৃষি অফিসার মোহন লাল নন্দী ও তাপস চন্দ্র দেব।

উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার জানান, “আকাশমণি ও ইউক্যালিপটাস গাছ প্রচুর পানি ও মাটির রস শোষণ করে নেয়। এতে মাটির উর্বরতা হ্রাস পায় এবং আশপাশে অন্য গাছপালা জন্মাতে সমস্যার সৃষ্টি হয়। পরিবেশ ও কৃষির স্বার্থে সরকার এই গাছগুলো রোপণ ও উৎপাদন নিষিদ্ধ ঘোষণা করেছে।”

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

 

 

 

 

আরও খবর

Sponsered content