নওগাঁ প্রতিনিধি: ২৬ এপ্রিল ২০২৬ , ৯:২৮:৪২ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দা উপজেলার চকহরিনারায়ন দাখিল মাদ্রাসায় জনবল নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী।
এলাকাবাসীর পক্ষে মোহাম্মদ জাকির হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মাদ্রাসার সুপারেনটেনডেন্ট তার ছোট মেয়ে উম্মে আখি আক্তারকে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দিতে প্রক্রিয়া এগিয়ে নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া পিয়ন পদে একাধিক প্রার্থীর সঙ্গে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগও উঠেছে।
ভুক্তভোগী আফজাল হোসেন দাবি করেন, তাকে নিয়োগ দেওয়ার কথা বলে অর্থ নেওয়া হলেও শেষ পর্যন্ত চাকরি দেওয়া হয়নি।
স্থানীয়দের অভিযোগ, নিয়োগ বিজ্ঞপ্তি যথাযথভাবে প্রকাশ না করে গোপনীয়তার সঙ্গে প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এমনকি ম্যানেজিং কমিটির কিছু সদস্যকেও বিষয়টি জানানো হয়নি বলেও অভিযোগ রয়েছে।
এছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এক কর্মচারীর নামে বেতন উত্তোলনের অভিযোগও সামনে এসেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার সুপারেনটেনডেন্ট বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। নিয়োগের ক্ষেত্রে সকল সরকারি বিধিমালা অনুসরণ করা হচ্ছে।”
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বলেন, “নিয়োগে অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে স্থানীয় সচেতন মহল বিতর্কিত নিয়োগ কার্যক্রম স্থগিত করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।




















