মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ২৯ আগস্ট ২০২৫ , ১১:৫২:৩৮ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ ও র্যাবের যৌথ অভিযানে তিনজন গাছ পাচারকারীকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে রঘুনন্দন রেঞ্জের জগদীশপুর বিট ফরেস্টার মো. গোলাম কাদিরের নেতৃত্বে বন বিভাগের সঙ্গীয় স্টাফ ও র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের আট সদস্যের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মাধবপুরের তেলিয়াপাড়া রেলগেট এলাকায় নাম্বারবিহীন দুটি ট্রাক্টরে বোঝাই করা আকাশমনি ও গ্রামীণ প্রজাতির বিভিন্ন গাছের গোলকাঠসহ তিন পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন—রসুলপুর গ্রামের মৃত গাফফার মিয়ার ছেলে মোহাম্মদ সাইফুল মিয়া (৩০), সুরমা চা-বাগান (রেঙ্গু টিলা) এলাকার শিবলাল মুন্ডার ছেলে পান্না মুন্ডা (৩৫) ও একই এলাকার বিজয় মুন্ডার ছেলে মঙ্গল মুন্ডা (৩৬)।
পরে তাদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় সোপর্দ করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদ উল্লা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “রাতে তিনজন আসামিকে থানায় রাখা হয়েছিল। পরে সকালে বন বিভাগের কর্মকর্তারা এসে তাঁদের আদালতে প্রেরণের জন্য নিয়ে যান।”





















