খেলাধুলা

মানবিক উদ্যোগে ফিফা ফ্যান অ্যাওয়ার্ড জিতলেন জাখোর ভক্তরা

  প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৫ , ২:১৫:২৩ প্রিন্ট সংস্করণ

ইরাকের ক্লাব জাখো এসসির সমর্থকরা জিতেছেন ফিফা ফ্যান অ্যাওয়ার্ড। ব্যতিক্রমী মানবিক উদ্যোগের মাধ্যমে ফুটবল বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েই এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেন তারা।

গত ১৩ মে আল-হুদুদ-এর বিপক্ষে ইরাকি স্টারস লিগের ম্যাচের আগে স্টেডিয়ামে হাজার হাজার খেলনা ছুড়ে দেন জাখো এসসির সমর্থকরা। ম্যাচ শুরুর আগেই সেগুলো মাঠ থেকে সংগ্রহ করা হয় এবং পরে অসুস্থ শিশুদের মধ্যে দান করা হয়। এই উদ্যোগ মুহূর্তেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে।

ক্লাবের এক বিবৃতিতে বলা হয়, ‘স্টেডিয়ামের ভেতরে শিশুদের খেলনা ছোড়া ছিল এক অনন্য মানবিক বার্তা, যা কুর্দিস্তান, ইরাক ও এশিয়ার ক্রীড়া সমাজে ব্যাপক স্বীকৃতি পেয়েছে। আমাদের সমর্থকরাই দলের মেরুদণ্ড। তাদের সৃজনশীল কার্যক্রম বারবার সবার দৃষ্টি আকর্ষণ করে। ভবিষ্যতেও আমরা তাদের সমর্থন অব্যাহত থাকার আশা করি।’

এবারের ফিফা ফ্যান অ্যাওয়ার্ডে আরও দুই মনোনীতকে পেছনে ফেলে সেরা হিসেবে নির্বাচিত হন জাখো এসসির সমর্থকরা।

২০১৬ সালে যাত্রা শুরু করা ফিফা ফ্যান অ্যাওয়ার্ড কোনো লিগ, লিঙ্গ বা জাতীয়তার ভেদাভেদ ছাড়াই সমর্থক বা সমর্থকগোষ্ঠীর অসাধারণ নিবেদন ও আবেগকে সম্মান জানাতে প্রদান করা হয়। ফুটবল বিশ্বকে নাড়া দেওয়া কোনো বিশেষ মুহূর্ত বা উদ্যোগের জন্যও এই পুরস্কার দেওয়া হয়ে থাকে।

আরও খবর

Sponsered content