আন্তর্জাতিক

মার্কিন সেনা হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের

  প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৬ , ২:১৬:১০ প্রিন্ট সংস্করণ

কোনো মার্কিন সেনাসদস্যকে হত্যা বা আটক করে ইরানের সেনাবাহিনীর হাতে তুলে দিতে পারলে ৩০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। কোনো নারী এই কাজ করতে পারলে পুরস্কারের অর্থ দ্বিগুণ করা হবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি এ ঘোষণা দেন।

মার্কিন সেনাদের হত্যা বা আটকের জন্য পুরস্কার ঘোষণার পেছনে ‘বিপুলসংখ্যক মানুষের অনুরোধ’ রয়েছে বলে জানিয়েছেন হাতামি। তবে চলমান সংঘাতের মধ্যে ইরানের ভূখণ্ডে মার্কিন স্থলবাহিনীর কোনো সরাসরি উপস্থিতির খবর পাওয়া যায়নি।

কোথায় বা কখন মার্কিন সেনাদের হত্যা কিংবা আটক করা হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ইরানের সেনাপ্রধান। তিনি বলেন, আগ্রাসী মার্কিন সামরিক বাহিনীর কোনো সদস্যকে হত্যা বা আটক করে ইরানের সেনাবাহিনীর হাতে তুলে দিতে পারলে ৩০ হাজার ডলার বা ৫ বিলিয়ন তোমান পুরস্কার দেওয়া হবে।

নারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের যেসব সাহসী নারী এই কাজ করতে পারবেন, তারা দ্বিগুণ পুরস্কার পাবেন।’

মার্কিন সেনাদের পশ্চিম এশিয়া থেকে অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন হাতামি। তার দাবি, পারস্য উপসাগর, ওমান উপসাগর কিংবা হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর প্রবেশের আর কোনো সুযোগ নেই।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। প্রায় ৪০ দিনের সংঘাতের পর এপ্রিলে যুদ্ধবিরতি এবং জুনে শান্তি আলোচনার একটি কাঠামো তৈরি হলেও পরে তা ভেস্তে যায়।

চলমান সংঘাতে ইরানের ভূখণ্ডে মার্কিন পদাতিক বাহিনীর সরাসরি কোনো স্থায়ী উপস্থিতি ছিল না। সংঘাত শুরুর পর এখন পর্যন্ত অন্তত ১৭ জন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটে জুলাইয়ে। তবে তাদের কেউই ইরানের ভূখণ্ডে নিহত হননি। জর্ডান ও ইরাকসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তারা প্রাণ হারিয়েছেন।

আরও খবর

Sponsered content