শিক্ষা ও শিক্ষাঙ্গন

‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা এইচএসসি পরীক্ষার্থীদের

  প্রতিনিধি ১৪ জুলাই ২০২৬ , ৪:৫৬:১৬ প্রিন্ট সংস্করণ

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। আগামীকাল বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে উত্তরার আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে আলটিমেটাম দেন। পরে বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা দিয়ে উত্তরা বিএনএস সেন্টারের সড়ক থেকে সরে যান তারা।

প্রসঙ্গত, টানা বৃষ্টিপাত, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা।

আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরা, সায়েন্সল্যাব মোড়ে ‘২০২৬ ব্যাচ এইচএসসি পরীক্ষার্থী’ ব্যানারে জড়ো হয়ে তিন দফা দাবিতে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। পাশাপাশি রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, বগুড়া, রংপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় তারা বিক্ষোভ করেন।

আন্দোলনকারীদের দাবিগুলো হলো দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

বিক্ষোভ শেষে একদল শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের দিকে রওয়ানা হলে পথে পুলিশি বাধার মুখে পড়েন। এ সময় তারা ‘দফা এক, দাবি এক মিলনের পদত্যাগ’ স্লোগান দেন। পাশাপাশি শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগানও দিতে দেখা যায়।

আন্দোলনে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা কমার্স কলেজ, তেজগাঁও কলেজসহ ঢাকা শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেন।

আরও খবর

Sponsered content