প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ২:৫১:৪৪ প্রিন্ট সংস্করণ
দীর্ঘ ১৮ মাস পর যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় খুলেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।
গতকাল শুক্রবার এ সংক্রান্ত ২ মিনিট ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ওই ভিডিওতে দেখা যায়, শুক্রবার তারাবি নামাজের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন ৩০ থেকে ৩৫ জনের একদল যুবক।
এরপর তারা কার্যালয়ের দেয়ালে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে দেন। ওই সময় ‘জয় বাংলা‘ স্লোগান দিতে শোনা যায়।
এরপর ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’, ‘বিপুল ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ শ্লোগান দিতে দিতে দ্রুত স্থান ত্যাগ করেন তারা।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগ অফিসে তালা ভেঙে ঢুকে পড়া যুবকরা বাঘারপাড়া ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। তারা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর অনুসারী।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর থেকে বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি তালাবদ্ধ ছিল।
এ বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।




















