মো: সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার ৩১ জানুয়ারি ২০২৬ , ৯:৩৮:৪৪ প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৬৩৭ কিলোমিটার সীমান্তসহ রংপুর বিভাগের চার জেলায় প্রায় তিন হাজার বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল শফিকুর রহমান।
শনিবার (৩১ জানুয়ারি) রংপুর মহানগরীর পার্কের মোড়ে নির্বাচন উপলক্ষে বসানো চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।
কর্নেল শফিকুর রহমান বলেন, আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সারাদেশে তার নির্বাচনী দায়িত্ব পালন করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। শনিবার সারাদেশে বিজিবির ৩৭ হাজারের বেশি সদস্য মোতায়েন হয়েছে। নির্বাচন কমিশন ও সরকারের বিভিন্ন নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করে এবং রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে আমরা আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের ভোটদান নিশ্চিতকরণের লক্ষ্যে অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে, সর্বদা আমাদের কাজটা করে যাবো।
এস.এম শফিকুর রহমান বলেন, বিজিবি মূলত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন শুরু করছে। নির্বাচনি এলাকায় নিরাপত্তা দিতে তল্লাশি কার্যক্রম চালু রয়েছে। এছাড়া ঝুঁকি বিবেচনায় বিভিন্ন স্থানে ডগ স্কোয়াড স্থাপন করা হয়েছে। টহল ও গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
শফিকুর রহমান বলেন, বিজিবি ডিজিটাল সেন্সর যেমন ড্রোন, বডিওন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কার্যক্রমের গতিশীলতা বাড়িয়েছে। বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী, জনগণের আস্থার প্রতীক হিসেবে আমরা কাজ করতে চাই। তাই সমন্বিতভাবে জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের জন্য বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাবে।
তিনি আরো বলেন, রংপুর সেক্টরের আওতাধীন রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলায় বিজিবি সদস্যরা মোতায়েন থাকবে। এখানে সিটি করপোরেশনসহ ২৭টি উপজেলা রয়েছে। এই ২৭টি উপজেলার মধ্যে ২৬টিতে বেজ ক্যাম্প করে ৭৪ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। অলমোস্ট তিন হাজারের কাছাকাছি সদস্য এখানে মোতায়েন থাকবে। আমাদের ৩০০টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে তার দায়িত্ব পালন করবে।
তিনি বলেন, সারাদেশে আমাদের ৪৯৫টি উপজেলা রয়েছে। এর মধ্যে ৪৮৯টি উপজেলায় আমাদের বিজিবি মোতায়েন হয়েছে। বিভিন্ন বাহিনীর সাথে যেমন আর্মি, আনসার, র্যাব, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সাথে আমরা সমন্বয় করে কার্যক্রমগুলো পরিচালনা করবো।




















