সারাদেশ

লালমাইয়ে সরকারি পুকুরে মাটি কাটায় এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  রবিউল হোসেন, লালমাই (কুমিল্লা) প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৫ , ৩:১৪:৩৯ প্রিন্ট সংস্করণ

 

কুমিল্লার লালমাই উপজেলায় মামলা চলমান অবস্থায় সরকারি পুকুর থেকে মাটি কাটার অভিযোগে ফারুক হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন লালমাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা। এ সময় উপস্থিত ছিলেন লালমাই থানার সেকেন্ড অফিসার এসআই আবদুল্লাহ ফারুক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি জমি নিজেদের দাবি করে পুকুর শুকিয়ে মাটি কাটছিলেন ওই ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আদালত চলমান মামলার বিষয়টি বিবেচনায় নিয়ে মাটি কাটায় নিষেধাজ্ঞা জারি করেন এবং ওই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা বলেন, “পুকুরটির জমি সরকারি মালিকানাধীন। এ নিয়ে সরকারের পক্ষে মামলা চলমান। আইনের নিয়ম অনুযায়ী এ সময় জমি হস্তান্তর বা মাটি কাটার কোনো অনুমতি নেই। তথাপি নিয়ম ভঙ্গ করায় অভিযুক্ত ব্যক্তিকে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।”

স্থানীয় প্রশাসন জানিয়েছে, সরকারি জমি দখল ও আইনবহির্ভূতভাবে মাটি কাটার বিরুদ্ধে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।

আরও খবর

Sponsered content