মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর ৭ ডিসেম্বর ২০২৫ , ৩:২৭:১৮ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের টঙ্গীতে সাম্প্রতিক সময়ে ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় নিরাপত্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে টঙ্গী পূর্ব থানার ভেতরে উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় এলাকাবাসী ও আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, টঙ্গী এলাকায় প্রতিনিয়ত ছিনতাই, চুরি, ডাকাতি ও বিভিন্ন অপরাধমূলক ঘটনা বেড়ে চলেছে। এতে সাধারণ মানুষ, বিশেষ করে কর্মজীবী ও শিক্ষার্থীরা চরম আতঙ্কের মধ্যে চলাফেরা করছে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে পুলিশের প্রতি জোর দাবি জানান।
এ সময় পরিস্থিতি শান্ত করতে ও মানববন্ধনকারীদের আশ্বস্ত করতে উপস্থিত হয়ে বক্তব্য দেন টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান। তিনি বলেন, “ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ মাঠে সক্রিয় রয়েছে। এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ও টহল জোরদারের উদ্যোগ নেওয়া হবে।”
মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।














