সারাদেশ

শেরপুরে পালানো রাব্বি মিয়া ২৩ ঘণ্টার অভিযানের পর সিরাজগঞ্জ থেকে আটক

  মাসুম বিল্লাহ, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: ৭ সেপ্টেম্বর ২০২৫ , ১১:৩৫:৫৯ প্রিন্ট সংস্করণ

বগুড়ার শেরপুর থানা হেফাজত থেকে পালানো রাব্বি মিয়া (২৭) আবারও পুলিশের হাতে ধরা পড়েছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার তারাটিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুনরায় শেরপুর থানার হেফাজতে নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে রাব্বিকে শেরপুর থানার চুরির মামলার সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। সকাল সাড়ে ৬টায় থানায় আনার পর তাকে নারী-শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে রাখা হয়।

কিন্তু সকাল ৭টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে ডিউটিরত কনস্টেবল রাশেদুল ইসলামের সহায়তায় কক্ষ থেকে বের হয়ে হঠাৎ পুলিশকে ধাক্কা দিয়ে থানার ভেতর থেকে পালিয়ে যান তিনি।

ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে শেরপুর থানার ডিউটি অফিসার এএসআই এরশাদ হোসাইন ও কনস্টেবল রাশেদুল ইসলামকে ক্লোজড করে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পাশাপাশি থানায় রাব্বির বিরুদ্ধে নতুন একটি মামলা রেকর্ড করা হয়।

পুলিশ জানিয়েছে, ২৩ ঘণ্টার অভিযান চালিয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানার তারাটিয়া গ্রাম থেকে তাকে আটক করা সম্ভব হয়। শেরপুর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন জানান, রাব্বি মিয়ার বিরুদ্ধে চুরি-ছিনতাইসহ পূর্বে তিনটি মামলা রয়েছে। আদালতে তাকে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আরও খবর

Sponsered content