প্রতিনিধি ১ আগস্ট ২০২৫ , ২:১১:৫৪ প্রিন্ট সংস্করণ
তানভীর সরদার, স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মহিদুল ইসলামসহ ছয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভিজিডি কর্মসূচির আওতায় চাল বিতরণের জন্য প্রস্তাবিত কার্ড প্রদানে পছন্দের কিছু ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার অনুরোধ করেন মহিদুল ইসলাম। তবে ইউনিয়ন পরিষদ থেকে সে অনুরোধ না মানায় তিনি ক্ষিপ্ত হয়ে ২০-২৫ জন অনুসারী নিয়ে পরিষদে হাজির হন।
ঘটনার সময় মহিদুল ইসলাম ইউনিয়ন পরিষদের সচিব হাফিজুর রহমানকে টেনে হিচড়ে অফিস থেকে বের করে নিয়ে যান। একইসঙ্গে পরিষদের ভেতরে থাকা সেবাপ্রত্যাশী ও কর্মচারীদের তালাবদ্ধ করে প্রধান ফটকে তালা লাগিয়ে দেন।
পরে সচিবকে জোরপূর্বক নিয়ে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গেলে প্রশাসনের সহায়তায় সেনাবাহিনী মহিদুল ইসলামসহ ছয়জনকে আটক করে এবং সচিবকে উদ্ধার করে।
ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা পর তালা ভেঙে ভেতরে আটকে পড়া সেবাপ্রত্যাশী ও কর্মচারীদের উদ্ধার করে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, “ইউনিয়ন পরিষদের তালা দেওয়ার ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস বলেন, “পরিষদে তালা দিয়ে সচিবকে জোরপূর্বক নিয়ে আসা হয়েছিল। ঘটনা জানার পরপরই প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়। সরকারি দপ্তরে এ ধরনের কর্মকাণ্ড বরদাশতযোগ্য নয়।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। প্রশাসন জানিয়েছে, সরকারি দপ্তরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করায় দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





















