ধর্ম

সংখ্যানুপাতিক নির্বাচনী পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে পরবর্তী সংসদ: মির্জা ফখরুল

  রাজনীতি ডেস্ক ॥ ১৪ অক্টোবর ২০২৫ , ৬:০৯:১০ প্রিন্ট সংস্করণ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যানুপাতিক (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর) পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পরবর্তী সংসদের ওপর ছেড়ে দিতে হবে। তিনি বলেন, “জনগণ ও সংসদের প্রতিনিধিরা যদি মনে করেন পিআর পদ্ধতিতে যাবেন, তাহলেই সে পদ্ধতি হবে।”

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, “পিআর অনেক দেশেই আছে, কিন্তু এটার সঙ্গে আমাদের দেশের মানুষ খুব বেশি পরিচিত না। আমরা বুঝি এক ব্যক্তি, এক ভোট—এই পদ্ধতিতে ৫০ বছরেরও আগে থেকে এখানে নির্বাচন হয়েছে। এখন হঠাৎ করে পিআর পদ্ধতির দাবি উঠছে, যা জনগণের কাছে নতুন বিষয়। তাই বিষয়টি আগামী পার্লামেন্টের সিদ্ধান্তের ওপরই ছেড়ে দিতে হবে।”

তিনি আরও বলেন, “এখন যদি পিআর পদ্ধতি চালু করা হয়, জনগণ বিভ্রান্ত হবে। এতে ব্যক্তির নিজের প্রতিনিধি বেছে নেওয়ার স্বাধীনতা খর্ব হবে। দলকেই ভোট দিতে হবে, দলই প্রতিনিধি মনোনয়ন দেবে। এই পদ্ধতির সঙ্গে আমাদের দ্বিমত আছে।”

স্বাধীনতার চেতনা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “আজকের রাজনীতিতে একটি প্রবণতা দেখা যাচ্ছে—১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ভুলিয়ে দিয়ে নতুন করে ধর্মভিত্তিক চিন্তাভাবনা সামনে আনা হচ্ছে। এটি বাংলাদেশের জন্য শুভ নয়। আমরা সেই চেতনা ধরে রাখতে চাই, যার জন্য লাখো মানুষ প্রাণ দিয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। আজ কিছু গোষ্ঠী ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেশকে দেখানোর চেষ্টা করছে, যা দুঃখজনক। আমরা বিশ্বাস করি, আগামী নির্বাচনে জনগণ আবারও প্রমাণ করবেন যে বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এবং বাংলাদেশি জাতীয়তাবাদে আস্থাশীল।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খ্রিস্টান ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আলবার্ট রোজারিও। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ খ্রিস্টান ফোরামের নেতা অনিল লিও কস্তা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, বিএনপির ধর্মবিষয়ক সহসম্পাদক জন গোমেজ, রমেশ দত্ত, নির্বাহী কমিটির সদস্য সুশীল বড়ুয়া, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার এবং দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

আরও খবর

Sponsered content