জাতীয়

সকালেই বিমানবন্দর সড়কে তীব্র যানজট

  প্রতিনিধি ২ আগস্ট ২০২৬ , ১০:৪২:৫১ প্রিন্ট সংস্করণ

রাজধানীর অন্যতম ব্যস্ত বিমানবন্দর সড়কে আজ রোববার সকালেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সড়কে শৃঙ্খলার অভাব, বিশৃঙ্খলভাবে বাসে যাত্রী ওঠানামা এবং লেন শৃঙ্খলা না মানার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলমুখী হাজারো মানুষ।

এদিন সকাল সাড়ে ৮টার দিকে দেখা যায়, কুড়িল বিশ্বরোড থেকে শুরু হওয়া যানজট বনানী-কাকলি পর্যন্ত বিস্তৃত হয়েছে। অন্যদিকে মিরপুরমুখী সড়কে মাটিকাটা ফ্লাইওভার হয়ে ফ্লাইওভার হয়ে যানজট পৌঁছে যায় ইসিবি চত্বর পর্যন্ত।

সরেজমিনে কুড়িল বিশ্বরোড এলাকায় দেখা গেছে, বাসগুলো বিশৃঙ্খলভাবে যাত্রী ওঠানামা করছে। এ ছাড়া কুড়িল ফ্লাইওভারে ওঠা এবং বিমানবন্দরের দিকে যাওয়া যানবাহনের অনেকই সড়কের লেন শৃঙ্খলা মেনে চলছেন না।এর ফলে কুড়িল বিশ্বরোড থেকে বিমানবন্দরের দিকে এবং কুড়িল ফ্লাইওভারের ওপর বড় ধরনের যানজট না থাকলেও এর প্রভাব পড়েছে পেছনের সড়কে। বনানী-কাকলি সড়ক এবং ইসিবি চত্বর থেকে কুর্মিটোলা হাসপাতাল পর্যন্ত মাটিকাটা ফ্লাইওভারে সৃষ্টি হয় তীব্র যানজট।

এদিকে দীর্ঘ সময় যানজটে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রীরা। বাসে বসে থাকা এক ক্ষুব্ধ বেসরকারি চাকরিজীবী জানান, সরকার আসে সরকার যায়, কেউ সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতের জন্য কাজ করে না।

বাসগুলো নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা করালে এবং চালকেরা লেন শৃঙ্খলা মেনে চললে এমন যানজট অনেকটাই এড়ানো সম্ভব বলে জানান ওই চাকরিজীবী।

আরও খবর

Sponsered content