প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২৫ , ৪:০০:০৬ প্রিন্ট সংস্করণ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দর থেকে হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নিয়ে আসা হবে।
ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে শনিবার বাদ জোহর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে। এরপর তার দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে ইনকিলাব মঞ্চ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
এতে বলা হয়, ‘শহিদ ওসমান হাদিকে বহনকারী বিমানটিসন্ধ্যা ৬ টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। আমাদের জুলাই জজবার প্রাণ, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীরকে গ্রহণ করতে আমরা সবাই এয়ারপোর্ট থেকে শাহবাগগামী রাস্তার দুইপাশে সুশৃঙ্খলভাবে অবস্থান গ্রহণ করবো।’
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানবন্দর থেকে শহিদ ওসমান হাদির মরদেহ সর্বসাধারণের সম্মান প্রদর্শণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে।
ওসমান হাদিকে দাফনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত চুড়ান্ত করা হয়নি। তবে পারিবারের পক্ষ থেকে তাকে গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলা খাসমহল এলাকায় তাদের পারিবরিক কবরস্থানে দাফনের ইচ্ছের কথা বলা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ওসমান শরিফ হাদি। তার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।’
ওসমান হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস




















