সারাদেশ

সাতক্ষীরাকে ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করার প্রস্তাব অনুমোদন

  সাতক্ষীরা জেলা প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৬ , ২:৩৬:৫২ প্রিন্ট সংস্করণ

পরিবেশগত বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরির জেলা থেকে ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করার প্রস্তাব অনুমোদিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।

সভায় অর্থ উপদেষ্টা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়সহ সরকারের ছয়জন উপদেষ্টা এবং মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবসহ সরকারের ১৪ জন সচিব ও সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। এ সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়।

এর মধ্যে সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আওতায় ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে।

এছাড়া ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ ও ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ একত্র করে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠনের প্রস্তাব অনুমোদিত হয়। একইসঙ্গে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। তবে এ মন্ত্রণালয়ের ইংরেজি নাম (Ministry of Women and Children Affairs – MoWCA) অপরিবর্তিত থাকবে।

নিকার সভায় আরও জানানো হয়, গাজীপুর জেলায় ‘পূর্বাচল উত্তর থানা’, নারায়ণগঞ্জ জেলায় ‘পূর্বাচল দক্ষিণ থানা’ এবং কক্সবাজার জেলার মাতারবাড়িতে ‘মাতারবাড়ি থানা’ নামে নতুন থানা গঠন করা হবে। পাশাপাশি নরসিংদীর রায়পুরায় নতুন করে আরেকটি থানা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও এর নাম এখনও নির্ধারিত হয়নি।

এছাড়া একই সভায় ঠাকুরগাঁও জেলার ‘ভুল্লী’ থানার নামের বানান সংশোধনের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। সংশোধনের পর থানাটির নতুন নাম হবে ‘ভূল্লী থানা’।

আরও খবর

Sponsered content