স্পোর্টস ডেস্ক ৭ আগস্ট ২০২৫ , ১:২৯:২০ প্রিন্ট সংস্করণ
ওভাল টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করে শুধু ম্যাচই জেতাননি মোহাম্মদ সিরাজ, মুগ্ধ করেছেন শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলি-র মতো কিংবদন্তিদের। এবার সেই তালিকায় যোগ দিলেন কোহলির বোন ভাবনা কোহলি ধিংড়া। ভারতীয় এই পেসারের উদ্দেশ্যে তার আবেগঘন বার্তা ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১৮৫.৩ ওভার বল করে ২৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ, যা ছিল সিরিজে সর্বোচ্চ। জসপ্রীত বুমরাহ অনুপস্থিত থাকায় ভারতীয় পেস আক্রমণের দায়িত্ব ছিল পুরোপুরি তার কাঁধে। ওভাল টেস্টে দুর্দান্ত বোলিং করে ভারতকে জিতিয়ে সিরিজে সমতায় ফেরান এই পেসার।
সিরাজের এই অবদান দেখে আবেগে ভাসেন কোহলি পরিবারও। ভাবনা কোহলি তার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন: “খেলাটা (ক্রিকেট) আমাদের কখনও অবাক করে না, কারণ এখানে এমন সব বীর রয়েছেন, যারা আমাদের অনুপ্রাণিত করেন, আশায় বুক বাঁধান, ইতিবাচক ভাবনায় বিশ্বাসী করে তোলেন। মোহাম্মদ সিরাজ, আপনি মহান।”
এই বার্তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সাধারণত ভাবনাকে ভাই বিরাট কোহলি ছাড়া অন্য ক্রিকেটারদের নিয়ে প্রকাশ্যে কিছু বলতে দেখা যায় না। তাই এই প্রশংসা ক্রিকেটপ্রেমীদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।
উল্লেখ্য, এটি ছিল বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর ভারতের প্রথম টেস্ট সিরিজ। এমন এক গুরুত্বপূর্ণ সিরিজে সিরাজের নেতৃত্বে বোলিং ইউনিট ভারতকে ভরসা দিয়েছে নতুন করে।
ভারতের পেস আক্রমণে একসময়ের নির্ভরতা ছিলেন বুমরাহ-শামিরা। তবে সিরাজ যে এখন নিজেই একজন নেতৃত্বদানকারী পেসার, সেটাই যেন বার্তা দিয়ে গেল ওভাল টেস্ট।





















