মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৫ , ৬:৫৬:০৭ প্রিন্ট সংস্করণ
প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মাণের পরই ভেঙে পড়া সুরমা চা বাগানের সেতুটি এখন স্থানীয়দের জন্য যোগাযোগের সুবিধা নয়, বরং এক মরণফাঁদে পরিণত হয়েছে। সেতুর দুই পাশের সংযোগমাটি ধসে যাওয়ায় গত দুই বছর ধরে বাগানের ১০ হাজার বাসিন্দা এবং প্রতিদিনের ২ হাজার ৩০০-এর বেশি চা শ্রমিক চরম ভোগান্তিতে রয়েছেন।
শ্রমিক ও শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে ছড়া নদী পায়ে হেঁটে পার হচ্ছেন—বর্ষায় যা ভয়াবহ বিপজ্জনক হয়ে ওঠে। শ্রমিকরা অভিযোগ করে বলেন, ভাঙা ব্রিজটি এখন যেন “মৃত্যুফাঁদ”।
চা বাগান কর্তৃপক্ষ জানিয়েছে, বারবার জানানোর পরও উপজেলা প্রশাসন বা এলজিইডির কোনো উদ্যোগ ছিল না। নতুন দায়িত্ব পাওয়া উপজেলা প্রকৌশলী জানান, সংস্কারের জন্য নতুন বাজেট চাওয়া হয়েছে।
স্থানীয়দের ক্ষোভ—কোটি টাকার প্রকল্প ভেঙে পড়লেও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, ফলে ওই এলাকায় পণ্য পরিবহন ও শ্রমিক চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।




















