📍 নিজস্ব প্রতিবেদক ঢাকা, ৩ আগস্ট: ৩ আগস্ট ২০২৫ , ৫:২২:১৫ প্রিন্ট সংস্করণ
আসন্ন ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এক বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানিয়েছে, “সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সংহতি প্রকাশ এবং ওই দিন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”তবে বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, “বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১১৮ এবং শ্রম বিধিমালা, ২০১৫-এর বিধি ১১০ অনুযায়ী বছরের শুরুতে নির্ধারিত ১১ দিনের উৎসব ছুটির বাইরে পোশাক কারখানাগুলো আইনগতভাবে কোনো সাধারণ ছুটিতে বাধ্য নয়। তাই ৫ আগস্টের ছুটি বাধ্যতামূলক নয়।”
বিজিএমইএ বলেছে, “শহীদদের স্মরণে এবং সরকারের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমরা সংশ্লিষ্ট সব পোশাক কারখানাকে আগামী ৫ আগস্ট সাধারণ ছুটি হিসেবে কারখানা বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।”
বিশেষজ্ঞ ও শ্রমিক সংগঠনের নেতারা মনে করছেন, বিজিএমইএর এই সিদ্ধান্ত পোশাক খাতে সামাজিক দায়িত্ববোধের প্রতিফলন। একজন সিনিয়র শ্রমিক নেতা বলেন, “বিজিএমইএ যে উদ্যোগ নিয়েছে, তা শুধু সরকারের প্রতি সমর্থন নয়, বরং শহীদদের প্রতি একটি দায়িত্বশীল শ্রদ্ধা প্রদর্শনও বটে।”





















