প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৬ , ১:৫৮:২২ প্রিন্ট সংস্করণ
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। আজ ১৭ অক্টোবর শনিবার স্থানীয় সময় বেলা ১০টা ৬ মিনিটে হয়েছে এ ভূমিকম্প।
পাকিস্তানের আবহাওয়া দপ্তরের সিসমিক শাখা এক বিবৃতিতে জানিয়েছে, বেলুচিস্তানের খুজদার জেলা থেকে ৪৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা এপিসেন্টার।
পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মাত্র ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির এপিসেন্টার হওয়ায় খুযদার এবং সংলগ্ন দুই জেলা খারান ও কালাতে তীব্র কম্পন অনুভূত হয়েছে।
বেলুচিস্তানের প্রাদেশিক প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে কোনো হতাহত বা ভবন ধসে পড়ার কোনো খবর এখন পর্যন্ত আসেনি। তা সত্ত্বেও, খুজদারের কাছাকাছি গ্রামীণ এলাকায় ঝুঁকিপূর্ণ ভবনগুলোর সম্ভাব্য বিপদ নিয়ে ওই অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
ভূ-পৃষ্ঠের কাছাকাছি (৭০ কিলোমিটারের কম গভীরতায়) উৎপন্ন ভূমিকম্পগুলো গভীর ভূমিকম্পের তুলনায় অনেক বেশি কম্পন শক্তি সরাসরি ভূপৃষ্ঠে ছড়িয়ে দেয়।
এ ব্যাপারে বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো, ভূপৃষ্ঠের গভীরে ভূমিকম্পের ক্ষেত্রে কম্পন ওপরের দিকে ওঠার সময় শক্তি হারিয়ে ফেলে, কিন্তু মাত্র ১০ কিলোমিটার গভীরতায় উৎপন্ন ভূমিকম্প ভূপৃষ্ঠে তীব্র ত্বরণ সৃষ্টি করতে পারে। এর ফলে মাটির ইটের তৈরি বা মজবুত কাঠামোবিহীন বাড়িঘরে ফাটল দেখা দেয় এবং স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বেলুচিস্তানে জটিল ভূ-তাত্ত্বিক প্রক্রিয়া
৩ লাখ ৪৭ হাজার ১৯০ বর্গকিলোমাটার আয়তনের বেলুচিস্তানের অবস্থান তিনটি বড় টেকটোনিক প্লেটের একটি অত্যন্ত সক্রিয় সংযোগস্থলে। এই প্লেটগুলো হলো ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং অ্যারাবিয়ান।
ফলে এই ভূ-তাত্ত্বিক চ্যুতির জেরে টেকটোনিক প্লেটগুলোর নড়াচড়ার কারণে প্রায়শই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প হয়ে থাকে।
যদিও ৬ মাত্রার চেয়ে বড় বা বিশাল ভূমিকম্প এখানে বিরল, তবে ৫.৫ থেকে ৫.৯ মাত্রার ভূমিকম্প মাঝে মাঝে প্রদেশটিতে আঘাত হানে।





















