নিজস্ব প্রতিবেদক, দৈনিক মতপ্রকাশ (লক্ষ্মীপুর): ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:১০:৫৬ প্রিন্ট সংস্করণ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষমা চেয়ে স্ট্যাটাস দেওয়ার পর লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতা ইউসুফ আলী বুলু রাড়ী (৫২) আত্মহত্যা করেছেন। পারিবারিক হতাশা থেকে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এর আগে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ইউসুফ লিখেছিলেন, “যদি ভুলবশত কারো সঙ্গে অন্যায়-অবিচার করে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন।”
তিনি উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। পরিবার ও স্থানীয়দের ধারণা, পারিবারিক টানাপড়েনের জেরে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ব্যক্তিগত বিষয় নিয়ে ইউসুফের সঙ্গে পরিবারের সদস্যদের বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে সালিশ বৈঠকও হয়। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।
উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার বলেন, “কয়েকদিন ধরে ইউসুফ অসংলগ্ন আচরণ করছিলেন। ঘটনার আগে তিনি ফেসবুকে স্ট্যাটাস দেন।”
হাজীমারা পুলিশ ফাঁড়ি-এর পরিদর্শক (ইনচার্জ) মমিনুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





















