প্রচ্ছদ

১০ম শ্রেণির ছাত্রী ধর্ষণ: দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ৮ আগস্ট ২০২৫ , ১:৫৬:০৪ প্রিন্ট সংস্করণ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১০ম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পরও আসামিদের গ্রেপ্তার না করায় ভুক্তভোগীর পরিবার সংবাদ সম্মেলন করেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে নাগেশ্বরী প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর স্বজনরা দ্রুত সকল আসামিকে গ্রেপ্তার করে সুষ্ঠু বিচারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কিশোরীর চাচা আবু তালেব ব্যাপারী। তিনি অভিযোগ করেন, গত ২৩ জুলাই নাগেশ্বরী ডিএম একাডেমী ফুটবল মাঠে হস্ত, বস্ত্র ও কুটির শিল্প মেলা থেকে তার ভাতিজিকে ডেকে নিয়ে জেঠাতো বোনের স্বামী রাব্বী মিয়া প্রথমে ধর্ষণ করে। এরপর তাকে একাধিকবার বিভিন্ন স্থানে নিয়ে জুলহাস মিয়া, শফিয়ার রহমান ও রায়গঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য মোতালেব হোসেন পালাক্রমে ধর্ষণ করে।

তিনি আরও বলেন, ঘটনার পর ৪ দিন অতিবাহিত হলেও পুলিশ একজন ছাড়া বাকি আসামিদের গ্রেপ্তারে তেমন তৎপর নয়। এ সময় তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, একজন ইউপি মেম্বার জড়িত থাকায় মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে তারা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন। তাই তারা ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা করছেন।

এ প্রসঙ্গে নাগেশ্বরী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, মামলার প্রধান আসামি রাব্বী মিয়াকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিরা পলাতক থাকলেও তাদের অবস্থান শনাক্ত করতে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন, কোনো আসামিই ছাড় পাবে না এবং পুলিশ তাদের গ্রেপ্তারে তৎপর রয়েছে।

উল্লেখ্য, এ ঘটনায় গত ৩ আগস্ট ভুক্তভোগীর বাবা চারজনকে আসামি করে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করেন।

আরও খবর

Sponsered content