রাজবাড়ী প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২৫ , ২:৪৮:১২ প্রিন্ট সংস্করণ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নুরুল হক ওরফে নুরাল পাগলের কবর নিয়ে বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। এতে প্রায় সাড়ে ৩ হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শনিবার সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, “ঘটনায় আমাদের ১০–১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।”
এদিকে নুরাল পাগলের দরবারে হামলা, অগ্নিসংযোগ ও কবর থেকে মরদেহ উত্তোলন করে পদ্মার মোড়ে পুড়িয়ে দেওয়ার ঘটনার পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দরবারের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট নুরাল পাগল মারা গেলে তাকে নিজ বাড়ির সামনে প্রায় ১২ ফুট উঁচু কাঠামোর ভেতরে কবর দেওয়া হয়। পরে কবরটিকে কাবা শরীফের আদলে রঙ করা হয় এবং “হযরত ইমাম মাহদী (আ.) দরবার শরীফ” লেখা ব্যানার টাঙানো হয়। এ ঘটনায় এলাকাজুড়ে অসন্তোষ দেখা দেয় এবং শুক্রবার সেটি সহিংস রূপ নেয়।




















