হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ১০ সেপ্টেম্বর ২০২৫ , ১১:১৭:৪৫ প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১০ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর মহিলা দলের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিকালে পৌর শহরের পলাশ মার্কেট চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের ডাবটলী সড়ক প্রদক্ষিণ করে ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে কলেজ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী সমিতির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার রোকনুজ্জান রোকন, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, উপজেলা মহিলা দলের সদস্য সচিব আনার কলি, নেত্রী মনোয়ারা মোয়াজ্জেম প্রমুখ।
এছাড়াও উপজেলা ও পৌর মহিলা দলের নেতাকর্মীসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নারী বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গত ৪৭ বছর ধরে নারীদের সংগঠিত করে নারী অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে মূল দল বিএনপির পাশে অগ্রণী ভূমিকা পালন করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ-সংগ্রাম এবং তারেক রহমানের নেতৃত্ব তাঁদের প্রেরণা জোগায়।
তারা আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই সংগ্রামে নারীদের আরও সোচ্চার ভূমিকা রাখতে হবে।




















