তথ্যপ্রযুক্তি

মাধবপুরে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২৫ , ৭:৩৬:২৮ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার নতুন গরুর বাজার এলাকায় পুকুরে ডুবে মোহ্তাসিন খান (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মোহ্তাসিন বুশরা ইসলামিক কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাসার সামনে খেলাধুলা করার পর মোহ্তাসিন গরুর বাজার সংলগ্ন একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে খুঁজতে গিয়ে পুকুরে দেখতে পেয়ে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোহ্তাসিন বুল্লা ইউনিয়নের বরগাঁও গ্রামের মো. ইকবাল খানের বড় ছেলে। পরিবারটি বর্তমানে মাধবপুর পৌরসভার শ্যামলীপাড়ায় বসবাস করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্ল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, “শিশু মোহ্তাসিনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই।”

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরও খবর

Sponsered content