তথ্যপ্রযুক্তি

চাঁপাইনবাবগঞ্জে ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২০ অক্টোবর ২০২৫ , ৬:১৭:০৪ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে দুইজন কথিত ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে ব্ল্যাকমেইল ও চাঁদা দাবির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মোঃ আলম (৪৯) নামে এক ভুক্তভোগী। রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ মডেল প্রেসক্লাবের হলরুমে তিনি এ সংবাদ সম্মেলন করেন। এ সময় তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মোঃ আলম দাবি করেন, গত ৮ অক্টোবর বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার তার বাড়িতে দুই অজ্ঞাত নারী কথা বলার উদ্দেশ্যে প্রবেশ করেন। এ সময় কথিত দুই ভুয়া সাংবাদিক—মোঃ জাহিদ (২৮), পিতা: মৃত লালচাঁন হাফেজ, (গ্রাম: রামকৃষ্টপুর মাঝপাড়া, চাঁপাইনবাবগঞ্জ)  এবং মোঃ সনি (৩০), নানা: মোঃ খাইরুল ইসলাম,  (ঠিকানা: শংকরবাটি, সালেহ মেম্বারের বাড়ির সামনে, চাঁপাইনবাবগঞ্জ ) হঠাৎ তার বাড়ির সামনে গিয়ে তাকে মিথ্যা অপবাদ দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে তার ও তার স্ত্রীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন টিভি চ্যানেলে ছড়িয়ে মানহানি করার হুমকি দেওয়া হয়।

মোঃ আলম সাংবাদিকদের জানান, তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই দুই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকিও দেন।

তিনি আরও অভিযোগ করেন, “তারা আমাদের ভয়ভীতি দেখিয়ে মোবাইলে জোরপূর্বক বক্তব্য ধারণ করে। পরে সেই বক্তব্য কাটছাঁট ও সম্পাদনা করে পুলিশের বিরুদ্ধে অপপ্রচার চালায় এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তা ছড়িয়ে দেয়।”

এই প্রচারের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এক এসআই ও ওসির নাম জড়ানোরও অপচেষ্টা করা হয় বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে মোঃ আলম বলেন,“ওই ভিডিও সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এর সঙ্গে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।”

তিনি দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে দুই অভিযুক্ত ভুয়া সাংবাদিক—জাহিদ ও সনির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

আরও খবর

Sponsered content