আন্তর্জাতিক ডেস্ক : ২২ আগস্ট ২০২৫ , ৩:০৫:০৩ প্রিন্ট সংস্করণ
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিংহাই প্রদেশে নির্মাণাধীন একটি সেতুর দড়ি ছিঁড়ে অন্তত সাত শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরও নয়জন। শুক্রবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
পিপলস ডেইলির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর ৩টার দিকে দড়ি ছিঁড়ে যাওয়ার সময় হলুদ নদীর ওপর বিস্তৃত সেতুটিতে ১৫ জন শ্রমিক ও একজন প্রকল্প ব্যবস্থাপক কাজ করছিলেন। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চলছে এবং নিখোঁজদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।
সিচুয়ান-কিংহাই রেলওয়ের এই সেতুটি বিশ্বের বৃহত্তম-স্প্যান ডাবল-ট্র্যাক রেলওয়ে কন্টিনিউয়াস স্টিল ট্রাস আর্চ সেতু হিসেবে পরিচিত। এটি ইয়েলো নদীর ওপর নির্মিত চীনের প্রথম রেলওয়ে স্টিল ট্রাস আর্চ ব্রিজ, যা দেশের দ্বিতীয় দীর্ঘতম রেলসেতুও।
ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে, আংশিকভাবে নির্মিত সেতুর মাঝের অংশ এখনো সম্পূর্ণ হয়নি। দুটি বিশাল ভারা টাওয়ার ও বেশ কয়েকটি ক্রেন দুর্ঘটনাস্থলের পাশে অবস্থান করছে।
এর আগে, গত বছরের ডিসেম্বরে দক্ষিণ চীনের শেনজেন শহরে একটি রেলপথ নির্মাণস্থলে ধসের ঘটনায় ১৩ জন নিখোঁজ হয়েছিলেন। তবে পরে তাদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।





















