বিনোদন

‘বনলতা এক্সপ্রেস’-এও দুইটা কথা মনে রাখবে

  প্রতিনিধি ৫ মার্চ ২০২৬ , ১:০২:৩৩ প্রিন্ট সংস্করণ

আসছে ঈদে মুক্তি পাচ্ছে তানিম নূরের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। হুমায়ূন আহমেদের জনপ্রিয় গল্প ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই সিনেমার অফিশিয়াল পোস্টারের পর এবার প্রকাশিত হলো ফার্স্টলুক, যা প্রকাশের পরপরই দর্শকের কৌতূহল বাড়িয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় হইচই বাংলাদেশ ও বুড়িগঙ্গা টকিজের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ফার্স্টলুকটি উন্মুক্ত করা হয়। এতে ফুটে উঠেছে এক নস্টালজিক রেলস্টেশনের আবহ- যেখানে ট্রেনযাত্রার ভেতর দিয়ে একে একে পরিচয় করিয়ে দেওয়া হয় বিভিন্ন চরিত্রকে। এই ভ্রমণে সহযাত্রী হয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজসহ আরও একঝাঁক তারকা ও নতুন মুখ।

ফার্স্টলুকে একদম সাধারণ বাঙালি নারীর চরিত্রে ধরা দিয়েছেন সাবিলা নূর। চঞ্চল চৌধুরীকে দেখা যাবে মন্ত্রীর চরিত্রে। তার স্ত্রীর চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন। এছাড়া শরীফুল রাজ এই সিনেমায় থাকছেন চিকিৎসকের ভূমিকায়। এতে মোশাররফ করিমের চরিত্রটি খানিকটা ভিন্ন।

প্রথম ঝলকে তারই অভিনীত ‘মহানগর’ সিরিজের জনপ্রিয় সংলাপ ‘দুইটা কথা মনে রাখবে’ নতুনভাবে ব্যবহার করা হয়েছে, যা দর্শকদের জন্য বাড়তি চমক ও হাসির উপাদান যোগ করেছে।

নির্মাতার কথায়, ‘হুমায়ূন আহমেদের গল্পের সঙ্গে জড়িয়ে থাকে মানুষের অনুভূতি, নিঃশব্দ যন্ত্রণা ও গভীর মানবিকতা। “বনলতা এক্সপ্রেস” সেই অনুভবেরই একটি ভিজ্যুয়াল যাত্রা। এই সিনেমায় পুরো বাংলাদেশকে এক ট্রেনযাত্রার অভিজ্ঞতায় এবং একটি অভিন্ন অনুভূতিতে বেঁধে ফেলার চেষ্টা রয়েছে।’

ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পাশাপাশি আন্তর্জাতিকভাবেও আগামী ৩ এপ্রিল থেকে সিনেমাটি প্রদর্শিত হবে।

আরও খবর

Sponsered content