মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ৫ নভেম্বর ২০২৫ , ৮:২৪:৩৩ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার স্বামী পালিয়ে যায়।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ডিএনসি হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক সাজেদুল হাসানের নেতৃত্বে কমলানগর চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মোছাঃ হালিমা আক্তার (৩৫), স্বামী শাহাব উদ্দিন, পিতা আব্দুল মালেক, গ্রাম কমলানগর, ০৬নং ওয়ার্ড, ০২নং চৌমুহনী ইউনিয়ন, থানা মাধবপুরকে ২৬০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
ডিএনসি জানায়, অভিযানের সময় হালিমার স্বামী শাহাব উদ্দিন (পিতা-মৃত নাছির উদ্দিন, মাতা আনোয়ারা বেগম) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
আটক আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে মাধবপুর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় মাধবপুর থানার উপপরিদর্শক মীরা রানী দেবী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ডিএনসি হবিগঞ্জের উপপরিচালক সাজেদুল হাসান বলেন, “মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে আছি।”




















