মোঃ অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার ১৫ নভেম্বর ২০২৫ , ৭:২৮:১২ প্রিন্ট সংস্করণ
প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক সমমর্যাদার ভিত্তিতে গড়ে তোলার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বাংলাদেশের ওপর দাদাগিরি বন্ধ করতে হবে।”
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের রেহাইচর এলাকায় মহানন্দা নদীর রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “১৯৭১ সালে প্রতিবেশী দেশ আমাদের সহযোগিতা করেছে। চাইলে তারা এখনও সহযোগিতা করতে পারে। কিন্তু বিগত সরকারের সময়ে তা হয়নি। বরং নানা উপায়ে দেশকে বিপদে ফেলেছে।” তিনি অভিযোগ করে আরও বলেন, “বিগত সরকার বিভিন্ন সময়ে ভারতে দেনদরবার করেছে, স্বামী-স্ত্রীর সম্পর্কের কথা বলেছে—ফলে দুই দেশের সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়েছে।”
তিনি বলেন, দেশের স্বার্থকে সর্বাগ্রে রেখে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে হবে। পদ্মা নদীর অববাহিকায় পানির ন্যায্য হিস্যার দাবিতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান তিনি। তাঁর মতে, “নির্বাচিত সরকার এলে এই দাবি আদায় করা সহজ হবে।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-১ এর সাবেক সাংসদ অধ্যাপক শাহজাহান মিঞা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য সম্পাদক ও সাবেক সাংসদ মো. আমিনুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
প্রসঙ্গত, বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে পদ্মা নদীর অববাহিকায় পানির ন্যায্য হিস্যার দাবিতে বিএনপি একটি গণসমাবেশের আয়োজন করেছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।




















