মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৫ , ৫:০১:১৮ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে শাহআলম (৪৩) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আর্মি ক্যাম্পের সদস্যরা। সোমবার (২৪ নভেম্বর) ভোরে উপজেলার জগদীশপুর গ্রামে টানা চার ঘণ্টার অভিযান চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৯২ পিস ইয়াবা ও ৬৬০ গ্রাম গাঁজা।
মাধবপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ অভিযান চলে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শাহআলম এলাকায় ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকের ব্যবসা পরিচালনা করতেন। ভয়-ভীতি ও প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন সাধারণ মানুষকে মুখ খুলতে দেননি। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বারবারই রক্ষা পেতেন তিনি।
অভিযান শেষে উদ্ধার হওয়া মাদকদ্রব্যসহ শাহআলমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানার এসআই শামীমের কাছে হস্তান্তর করা হয়।
মাধবপুর থানার ওসি মো. শহিদ উল্ল্যা বলেন, “সেনাবাহিনী খুব সফল একটি অভিযান পরিচালনা করেছে। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।”
স্থানীয়রা আশা করছেন, শাহআলমের গ্রেপ্তারের মাধ্যমে এলাকায় মাদকের বিস্তার কমে আসবে এবং সাধারণ মানুষ স্বস্তি ফিরে পাবে।




















