সারাদেশ

শ্রীপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

  মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২৫ , ১:০২:৩১ প্রিন্ট সংস্করণ

 

মাগুরার শ্রীপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার সকাল ১০টায় শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সভাপতি হাসিনা খাতুনের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সভাপতি ও শ্রীপুর সদর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. শফিউদ্দিন মোল্যা, উপজেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক অনুরাগ কুমার মণ্ডল, উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা রুমা পারভিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “আমরা নানাভাবে বঞ্চিত ও অবহেলিত। আজ পর্যন্ত আমাদের কোনো স্থায়ী নিয়োগবিধি নেই। সরকারের কাছে আমাদের দাবি, দ্রুততম সময়ে এই নিয়োগবিধি বাস্তবায়ন করতে হবে।”

তাঁরা আরও হুঁশিয়ারি দেন, “দাবি পূরণ না হলে আমাদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।”

কর্মসূচিতে অংশ নেওয়া নেতৃবৃন্দ বলেন, পরিবার পরিকল্পনা মাঠকর্মীরা দীর্ঘদিন ধরে জনগণের দোরগোড়ায় সেবা দিয়ে আসছেন, কিন্তু তাঁদের অধিকার আদায়ে সরকারের ইতিবাচক পদক্ষেপ না থাকায় হতাশা ও ক্ষোভ বাড়ছে।

আরও খবর

Sponsered content