সারাদেশ

প্রাইভেট পড়তে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা: নবাবগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত, আহত বোন হাসপাতালে

  মো. শাহ্ আলম মণ্ডল, দিনাজপুর প্রতিনিধি ৪ জুন ২০২৬ , ৪:৫২:১৭ প্রিন্ট সংস্করণ

 

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে ট্রাকচাপায় আল আমিন (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট বোন সুমনা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৬টার দিকে ভাদুরিয়া বাজারের চৌধুরী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন ভাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আহত সুমনাও একই বিদ্যালয়ের ছাত্রী। তারা ভাদুরিয়া বাজারের উবারেরপাড় এলাকার বাসিন্দা মো. শামিমের সন্তান।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে দুই ভাই-বোন প্রাইভেট পড়তে যাওয়ার পথে একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়। এতে আল আমিন ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত সুমনাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজিদ আহমেদ বলেন, “দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর

Sponsered content