প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৫ , ১১:২১:৪৪ প্রিন্ট সংস্করণ
মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রিয়াজ নামে আরেক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। আহত রিয়াজ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে মাগুরা সদর উপজেলার পাল্লা মান্দারতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত আব্দুর রহিম মাগুরা পৌর এলাকার স্টেডিয়াম পাড়ার মাহবুবুর রহমানের ছেলে। আর আহত রিয়াজ সদর উপজেলার মালিক গ্রামের ইউসুফ আলী ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত আব্দুর রহিম মাগুরা থেকে মোহাম্মদপুরের পলাশবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে পাল্লা মান্দারতলা এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দু’জনই গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন।
এদিকে আহত রিয়াজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, বুধবার বিকেলে মাগুরা সদর উপজেলার পাল্লা মান্দারতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন। এসময় অপর এক যুবক আহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




















