রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২৫ , ১২:০৮:০৪ প্রিন্ট সংস্করণ
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পার্বতীপুর প্রেস ক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে পার্বতীপুর প্রেস ক্লাবে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন। উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফরের অংশ হিসেবে তিনি পার্বতীপুর প্রেস ক্লাবের এ অনুষ্ঠানে যোগ দেন।
প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুর রহমান শাহীন বলেন, সাংবাদিকতা পেশায় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে দেশের সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থেকে সাংবাদিকতার পেশাকে একটি সম্মানজনক ও মর্যাদাপূর্ণ অবস্থানে উন্নীত করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির আহ্বায়ক, সহকারী অধ্যাপক ও সিনিয়র সাংবাদিক আতাউর রহমান।
শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের দেশ-এর প্রতিনিধি মো. মাহফিজুল ইসলাম রিপন। এছাড়া বক্তব্য দেন সাংবাদিক অহিদুল ইসলাম, এম এ জলিল সরকার, মিলন পারভেজ, মোস্তাফিজুর রহমান বকুল, মোহাম্মদ তাজকীর হোসাইন, মামুনুর রশিদ মামুন, সাজ্জাদ হোসেন, রুকুনুজ্জামানসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
আলোচনা সভায় ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা ও চিরিরবন্দর উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দসহ পার্বতীপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।




















