সারাদেশ

তুরাগে পৈত্রিক জমিতে প্রবেশের রাস্তা বন্ধের অভিযোগ

  মোঃ নুরুজ্জামান শেখ: ৮ জানুয়ারি ২০২৬ , ১০:৪৬:৪৯ প্রিন্ট সংস্করণ

 

ঢাকার তুরাগ থানাধীন বামনারটেক এলাকায় পৈত্রিক জমিতে প্রবেশের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আলেক মোল্লা (৬১) নামে এক বৃদ্ধ তুরাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আলেক মোল্লার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিটি তুরাগের বামনারটেক এলাকায় টিএসআর গার্মেন্টস সংলগ্ন স্থানে অবস্থিত। জমিটির সামনের অংশে প্রতিবেশী খাদিজা আক্তার ও তার স্বামী ইলিয়াস হোসেনের জমি রয়েছে। দীর্ঘদিন ধরে ওই জমির মধ্য দিয়ে পূর্বনির্ধারিত ৬ ফুট প্রশস্ত একটি রাস্তা ব্যবহার করে তিনি ও তার পরিবার নিজ জমিতে যাতায়াত করে আসছিলেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩১ ডিসেম্বর ২০২৫ সকাল আনুমানিক ৯টার দিকে আলেক মোল্লা দেখতে পান, পূর্বনির্ধারিত প্রবেশপথে কোনো রাস্তা না রেখেই ইটের বাউন্ডারি নির্মাণ করে পথটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। এ সময় অন্তত ৩ ফুট রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে অভিযুক্তরা তা অস্বীকার করেন এবং তাকে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।

পরবর্তীতে বিষয়টি সমাধানের লক্ষ্যে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার আলোচনা করতে গেলে তাকে দুর্ব্যবহার ও হুমকির সম্মুখীন হতে হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্তরা কারও কথায় কর্ণপাত করেননি।

ভুক্তভোগী আলেক মোল্লা জানান, প্রবেশপথ বন্ধ হয়ে যাওয়ায় তিনি ও তার পরিবার চরম দুর্ভোগে পড়েছেন। বাধ্য হয়ে তিনি তুরাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে তুরাগ থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাপ্ত অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content