সারাদেশ

মুজিবনগরে বিএনপি কার্যালয়ের কাছে ককটেলসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্ক

  মেহেরপুর প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ , ৮:২৩:১৪ প্রিন্ট সংস্করণ

 

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় বিএনপি কার্যালয়ের কাছে একটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার দড়িয়াপুর ইউনিয়নের কালিতলা মোড় এলাকা থেকে বস্তুটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কালিতলা মোড়সংলগ্ন হামজালের বাড়ির সামনে একটি সন্দেহভাজন বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। উদ্ধারকৃত স্থানটি স্থানীয় বিএনপি কার্যালয় থেকে প্রায় ৫০ গজ দূরে হওয়ায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পরে মেহেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং মুজিবনগর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে বস্তুটি নিরাপদে নিষ্ক্রিয় করার লক্ষ্যে থানায় নিয়ে যায়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বস্তুটি উদ্ধার করে। এটি প্রকৃতপক্ষে কোনো বিস্ফোরক কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

পুলিশ জানায়, কে বা কারা কী উদ্দেশ্যে বস্তুটি সেখানে রেখেছে—তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও খবর

Sponsered content