সারাদেশ

টানা ষষ্ঠবার মাগুরা জেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক ড. মুসাফির নজরুল

  মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৪:০৫:০১ প্রিন্ট সংস্করণ

 

টানা ষষ্ঠবারের মতো মাগুরা জেলা ও শ্রীপুর উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষক, গবেষক ও সাহিত্যিক ড. মুসাফির নজরুল (নজরুল ইসলাম)।

বৃহস্পতিবার সকালে জেলা শিক্ষা অফিসের সম্মেলন কক্ষে জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি ড. মোঃ আলফাজ উদ্দিন, অধ্যক্ষ, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার প্রদ্যুত কুমার দাস, সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. ওবায়দুল্লাহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জেলার বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা।

ড. মুসাফির নজরুল বর্তমানে মাগুরার শ্রীপুর উপজেলার জি. কে. আইডিয়াল ডিগ্রি কলেজ-এর বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর বাংলা বিভাগ থেকে ‘বিভাগোত্তর বাংলা কথাসাহিত্যে প্রতিফলিত সামাজিক-অর্থনৈতিক বাস্তবতা’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য এম.ফিল এবং ২০২১ সালে ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে প্রতিফলিত আর্থ-সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার স্বরূপ’ শীর্ষক গবেষণার জন্য পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ ও ভারতের বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন।

বাংলা একাডেমির সদস্য ড. মুসাফির নজরুল নব্বই দশকের শেষভাগ থেকে দেশের জাতীয় দৈনিক, সাপ্তাহিক, মাসিক পত্রিকা ও লিটল ম্যাগাজিনে দুই শতাধিক অনুবাদ, গবেষণা প্রবন্ধ, কবিতা ও ফিচার প্রকাশ করেছেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে— শেষ দেখা বেলা (১৯৯৮), বিশ্বাসের বেসাতি (১৯৯৯), নব্বই দশকের প্রেমের পদাবলী (১৯৯৯), সুকান্ত সমগ্র (সম্পাদনা–২০০৫), বিভাগোত্তর বাংলা কথাসাহিত্যে প্রতিফলিত সামাজিক-অর্থনৈতিক বাস্তবতা (২০০৯), মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে প্রতিফলিত আর্থ-সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার স্বরূপ (২০২১)সহ আরও বহু গ্রন্থ।

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক, নাট্যব্যক্তিত্ব ও গবেষক ড. মুসাফির নজরুল ২০১৮, ২০১৯, ২০২২, ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রীপুর উপজেলা ও মাগুরা জেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হন।

এছাড়াও তিনি অনুবাদ সাহিত্যে নবগঙ্গা সাহিত্যগোষ্ঠী সম্মাননা পদক–২০০৮, আট–ই ফাল্গুণ স্মৃতি সংসদ সম্মাননা পদক–২০০৯, মাগুরা সাহিত্যিক কল্যাণ পরিষদ সম্মাননা পদক–২০২৩ এবং মাগুরা জেলা প্রশাসন সম্মাননা পদক–২০২৪ অর্জন করেছেন।

আরও খবর

Sponsered content